ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরছেন বেনজেমা

চোটের কারণে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ফিরছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রোববার (১২ ডিসেম্বর) আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে দলের প্রধান স্ট্রাইকারকে।


মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে ভক্ত-সমর্থকদের স্বস্তির সংবাদ দিয়ে আনচেলত্তি বলেন, ‘সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে বেনজেমা এবং সে খেলবে।’


রোববার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লা লিগার পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। দুয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চারে আতলেটিকো।


মর্যাদাময় ডার্বির পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দাপট রিয়ালের। লা লিগায় দুই দলের মুখোমুখি দেখায় রেকর্ড কথা বলছে রিয়ালের পক্ষেই। এখন পর্যন্ত লিগের ডার্বিতে ৫৪ জয় রিয়ালের, আতলেতিকো জিতেছে ১৫ বার, সমান ১৫ বার ড্রতে শেষ হয়েছে ম্যাচের ভাগ্য।


আতলেটিকোর বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী আতলেটিকোকে হারিয়ে এই পথচলা আরও দীর্ঘ করতে চান আনচেলত্তি, ‘আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।’

ads
ads
ads

Our Facebook Page

↑